আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম না করে জনগণ কর্তৃক গ্রহণযোগ্য ও সৎ মানুষদের দল থেকে প্রার্থী হিসেবে মনোনীত করার কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিগত সরকারের মতো ভোটকেন্দ্র দখল বা প্রহসনের নির্বাচন বিএনপি চায় না উল্লেখ করে জনগণের সরাসরি ভোটাধিকারে জনপ্রতিনিধি নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল ‘রেডিসন ব্লু বে ভিউ’-তে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, ২০২৪ সালে গণআন্দোলনে পরাজিত শক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে প্রচুর অর্থ ঢালছে এবং নানামুখী ষড়যুদ্ধে লিপ্ত রয়েছে। দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকার নেতাদের উদ্দেশ্যে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ও যেকোনো অন্যায়ের বিরুদ্ধে কঠোর জিরো টলারেন্স ঘোষণা করেন। তিনি স্পষ্ট বার্তা দেন, অপরাধী যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। একইসঙ্গে সংসদ সদস্যদের অধিবেশনের সময় ব্যতিরেকে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার এবং বন্ধ শিল্পকারখানা চালুসহ যুবসমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাঁচ শতাধিক দলীয় প্রতিনিধি ও সংসদ সদস্য উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হন। অন্যদিকে, বিমানবন্দর থেকে পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে চাকরিচ্যুত এক নারী ব্যাংকার কাফনের কাপড় পরে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সামনে দাঁড়িয়ে চাকরি পুনর্বহালের আকুতি জানান, যাকে পরবর্তীতে নিরাপত্তাকর্মীরা সরিয়ে নেন।

