আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জারিকৃত নির্দেশনা অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম তেল, চিনি, ছোলা, মসলা, খেজুর ও মটরশুঁটি—এই ১১ ধরনের পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বিলম্বে বা বাকিতে অর্থ পরিশোধের সুবিধা পাবেন আমদানিকারকেরা।
সাপ্লায়ার্স ক্রেডিট বা বায়ার্সের ঋণের আওতায় আমদানিকারকেরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এর ফলে পণ্য দেশে আসার সঙ্গে সঙ্গেই পুরো আমদানিমূল্য পরিশোধ করতে হবে না, বরং নির্ধারিত মেয়াদ শেষে পণ্য বিক্রি করে ব্যাংকের দায় পরিশোধের সুযোগ থাকবে। এতে ব্যবসায়ীদের মূলধনের ওপর চাপ অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের এই বিশেষ সুবিধা আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগে গত ৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংক রমজানকে সামনে রেখে এই ১১টি পণ্য আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার সময় নগদ মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের এসব পদক্ষেপে বাজারে পণ্যের সরবরাহ বাড়বে এবং দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।

