ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল এবং ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’-এর (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালত দেওয়ানি সমন জারি করেছেন। ভারত সরকার এই সমনকে ‘বানানো, বিদ্বেষপূর্ণ ও তুচ্ছ’ বলে প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘খালিস্তানি সন্ত্রাসী’ গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা এই আইনি কারসাজির কোনো ভিত্তি নেই।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রতিক্রিয়ায় বলেছেন, ভারতে আইনি নথিপত্র বা সমন পাঠানোর যে নিয়ম, তা কেবল নির্দিষ্ট কেন্দ্রীয় কর্তৃপক্ষ অর্থাৎ আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমেই পাঠানো সম্ভব। শিখস ফর জাস্টিসের (এসএফজে) সদস্য পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগসংক্রান্ত এই সমন ৯ অক্টোবর ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসে পাঠানো হয়। এরপর কূটনৈতিক বার্তার মাধ্যমে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়টি ভারতকে জানায়।
‘সাধারণ ও রুটিন প্রক্রিয়া’ বলছে ভারত: দোভাল ও গোয়েলসহ সংশ্লিষ্টদের বিবাদী করে জারি করা এই সমনে পান্নুনকে হত্যার চেষ্টার অভিযোগে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো এটিকে ‘সাধারণ ও নিয়মিত রুটিন প্রক্রিয়া’ বলে অভিহিত করেছে। ভারত সরকারের দাবি, ২০১৩ সালে এসএফজের দায়ের করা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ২০০২ সালে চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনকেও অনুরূপ সমন পাঠানো হয়েছিল, যা পরবর্তীতে খারিজ হয়ে গিয়েছিল।
উল্লেখ্য, পান্নুন হত্যাচেষ্টা মামলার এই আদালতের নির্দেশটি এমন এক সময়ে এল, যখন এ ঘটনায় যুক্তরাষ্ট্রের হাতে গ্রেপ্তার ভারতীয় নাগরিক নিখিল গুপ্তের সাজা ঘোষণার দিন (২০ নভেম্বর) ঘনিয়ে আসছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এর মাধ্যমে মার্কিন সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক অবস্থান প্রকাশ পায় না।

