ঢাকায় একই সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তিনটি বড় কনসার্ট। দেশি শিল্পীদের পাশাপাশি এসব আয়োজনে মঞ্চ মাতানোর কথা ছিল পাকিস্তানের একাধিক জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডের। কিন্তু শেষ মুহূর্তে তিনটি কনসার্টই স্থগিত করেছেন আয়োজকেরা। নতুন তারিখ পরে জানানো হবে বলে ঘোষণা দেওয়া হলেও টিকিট কিনে রাখা দর্শকদের সামনে এখন বড় প্রশ্ন—তাঁরা কি টিকিটের টাকা ফেরত পাবেন, নাকি নতুন তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে?
আগামীকাল শুক্রবার, ২৫ সেপ্টেম্বর পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ম্যাক্স রিপাবলিক’ কনসার্ট। সেখানে বাংলাদেশের জেমসের পাশাপাশি পাকিস্তানের আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের পারফর্ম করার কথা ছিল।
কনসার্টটির প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর প্রতিবেদন না পাওয়ায় চূড়ান্ত অনুমতির প্রক্রিয়া নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত অনুষ্ঠানটি স্থগিত করার ঘোষণা দিয়েছেন আয়োজকেরা। তবে কনসার্টটি বাতিল করা হয়নি। নতুন তারিখে আয়োজনের কথা জানিয়ে আয়োজকেরা বলেছেন, আগে কেনা সব টিকিট সেই তারিখেও কার্যকর থাকবে। নতুন তারিখ শিগগিরই জানানো হবে।
একই দিনে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ কনসার্ট। পাকিস্তানের মুর্তজা কিজিলবাশের পাশাপাশি বাংলাদেশের হাবিব ওয়াহিদেরও এই আয়োজনে গান করার কথা ছিল।
কনসার্টটির আয়োজক ঢাকা বিটস জানিয়েছে, আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ছাড়পত্র নেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তাসংক্রান্ত হস্তক্ষেপ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার কারণে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ে করা সম্ভব হচ্ছে না। তাই কনসার্টটি নতুন তারিখে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর পরদিন, ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় কাবিশ ব্যান্ডের ‘কাবিশ লাইভ ইন ঢাকা’। কিন্তু সেটিও আর নির্ধারিত দিনে হচ্ছে না।
আয়োজক প্রাইমওয়েভ কমিউনিকেশন জানিয়েছে, কনসার্টের প্রয়োজনীয় প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনার কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর নতুন তারিখ ঘোষণা করা হবে।
তিনটি কনসার্টই স্থগিত হওয়ার পর দর্শকদের সবচেয়ে বড় উদ্বেগ এখন টিকিটের টাকা নিয়ে। কারণ, গত কয়েক বছরে ঢাকায় একাধিক আন্তর্জাতিক কনসার্ট স্থগিত বা বাতিল হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বিদেশি শিল্পীরা বাংলাদেশে পৌঁছানোর পরও অনুষ্ঠান না করেই ফিরে গেছেন। এসব ঘটনার পর টিকিটের অর্থ ফেরত পেতে দেরির অভিযোগও উঠেছে। কিছু ঘটনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আদালত পর্যন্ত গড়িয়েছে।
এবারও তিনটি কনসার্ট স্থগিতের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের অনেকে টাকা ফেরত পাওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছেন। কেউ জানতে চেয়েছেন, কনসার্টের নতুন তারিখে যেতে না চাইলে টিকিটের অর্থ ফেরত পাওয়া যাবে কি না। কেউ আবার অর্থ ফেরত না পেলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন।
তবে তিন কনসার্টের আয়োজকেরা টিকিটের অর্থ ফেরতের বিষয়ে একই ধরনের ঘোষণা দেননি।
‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ কনসার্টের দর্শকদের জন্য অর্থ ফেরতের সুযোগ রাখা হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, কেউ নতুন তারিখের জন্য অপেক্ষা করতে না চাইলে কুইকেট অ্যাপের মাধ্যমে টিকিটের টাকা ফেরত নিতে পারবেন। সাত কার্যদিবসের মধ্যে এই অর্থ ফেরত দেওয়ার কথা বলা হয়েছে।
অন্যদিকে ‘ম্যাক্স রিপাবলিক’ এবং ‘কাবিশ লাইভ ইন ঢাকা’র আয়োজকেরা তাঁদের ঘোষণায় টিকিটের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে কিছু জানাননি। তাঁরা জানিয়েছেন, আগে কেনা টিকিট নতুন তারিখেও কার্যকর থাকবে। ফলে এই দুই কনসার্টের ক্ষেত্রে দর্শকেরা চাইলে টাকা ফেরত নিতে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
এ ধরনের অনিশ্চয়তা অবশ্য এবারই প্রথম নয়। ‘ম্যাক্স রিপাবলিক’-এ একক শিল্পী হিসেবে ঢাকায় প্রথমবার পারফর্ম করার কথা ছিল আলী আজমতের। এর আগে জুনুন ব্যান্ডের হয়ে তিনি বাংলাদেশে দুইবার পারফর্ম করেছেন। গত বছরের মে ও নভেম্বরে একক শিল্পী হিসেবে তাঁর ঢাকায় দুটি কনসার্ট করার কথা থাকলেও শেষ পর্যন্ত দুটিই বাতিল হয়। নভেম্বরের কনসার্টের জন্য ঢাকায় এসেও তাঁকে ফিরে যেতে হয়েছিল।
মুস্তাফা জাহিদের ক্ষেত্রেও একই ধরনের অভিজ্ঞতা রয়েছে। গত বছরের এপ্রিলে ঢাকায় এসেও শেষ পর্যন্ত গান না করেই ফিরে যেতে হয়েছিল তাঁকে। আবার গত বছরের ৮ নভেম্বর ৩০০ ফুটের স্বদেশ অ্যারেনায় জাল ব্যান্ডের কনসার্ট আয়োজনের কথা থাকলেও মাত্র এক দিন আগে নিরাপত্তার কারণ দেখিয়ে সেটি স্থগিত করা হয়েছিল।
কাবিশের ক্ষেত্রেও আগের একটি আয়োজন স্থগিত হওয়ার ঘটনা রয়েছে। গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় ব্যান্ডটির কনসার্ট হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত সেটি স্থগিত করা হয়।
ফলে এবার একসঙ্গে তিনটি কনসার্ট স্থগিত হওয়ার পর নতুন তারিখের পাশাপাশি টিকিটের অর্থ ফেরত দেওয়ার বিষয়টিই দর্শকদের আগ্রহের কেন্দ্রে এসেছে। আপাতত মুর্তজা কিজিলবাশের কনসার্টের টিকিটের অর্থ ফেরতের নির্দিষ্ট ব্যবস্থা জানানো হয়েছে। বাকি দুই কনসার্টের ক্ষেত্রে নতুন তারিখের জন্য পুরোনো টিকিট কার্যকর থাকবে—এর বাইরে অর্থ ফেরত নিয়ে আয়োজকদের পক্ষ থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি।


