ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহে ১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ১২ থেকে ১৮ নভেম্বর পরিচালিত যৌথ অভিযানে ১০ হাজার ৭৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন আইন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হন।
বর্তমানে ৪০ হাজার ৯৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। ভ্রমণ ও পরিচয়পত্র সংগ্রহের জন্য ২৩ হাজার ২৫০ জনকে সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, আর দেশে ফেরার প্রক্রিয়া শুরু করতে ১০ হাজার ৮১৪ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদিতে ঢোকার চেষ্টায় ১ হাজার ৩৭৩ জন, দেশ ছাড়ার চেষ্টায় ২৮ জন এবং অবৈধ প্রবেশে সহায়তার অভিযোগে ১৪ জন ধরা পড়েছেন।
অবৈধ অনুপ্রবেশকারীকে সহায়তা বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার সতর্কতা দিয়েছে মন্ত্রণালয়। অভিযোগ জানাতে ৯১১, ৯৯৯ ও ৯৯৬ নম্বরের হটলাইন চালু রাখা হয়েছে।

