সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩, ১২ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হচ্ছে, তবে সেদিন থেকেই পুরোদমে চালু হচ্ছে না; পুরোপুরি কার্যক্রম শুরু করতে আরও ১৪ মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, উদ্বোধনের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে মাত্র চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে, আর উদ্বোধনের দিন প্রথম ফ্লাইটটি পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে বলেও জানান মন্ত্রী। সুমিতোমো করপোরেশনের নেতৃত্বাধীন এই কনসোর্টিয়ামে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন, সোজিতজ করপোরেশন এবং জাপানের একটি সরকারি সংস্থা রয়েছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে টার্মিনালটি পরিচালনার দায়িত্ব তাদের দেওয়ার প্রতিশ্রুতি আগেই দেওয়া হয়েছিল।

জাইকার অর্থায়নে নির্মিত এই প্রকল্পের টার্মিনালটি ২০২৩ সালের অক্টোবরে ‘সফট ওপেনিং’-এর মাধ্যমে উদ্বোধন করা হলেও বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়নি। পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে দুই বছরের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নতুন টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেয়, যা নিয়ে কনসোর্টিয়ামের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছিল। টার্মিনালটি চালু হলে বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে দাঁড়াবে ২ কোটি ৪০ লাখে, সঙ্গে কার্গো পরিচালনার সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে। ঢাকা মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও হজ ক্যাম্পের সঙ্গে সংযুক্ত এই টার্মিনালকে ভবিষ্যতে দেশের বিমান পরিবহন খাতের কেন্দ্রীয় ‘হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

একই আলোচনায় কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধনের প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করে দিলেই বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version