ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে আলাদাভাবে দুই ব্যাটালিয়ন বিজিবি নামানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই মোতায়েন করা হয়েছে।
মোতায়েন করা সদস্যরা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বলে জানানো হয়েছে।
এর আগে নভেম্বরের শুরুতে শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা রক্ষায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছিল। এবার তুলনায় অনেক বেশি জেলাজুড়ে এবং বড় পরিসরে সদস্য নামানো হলো।

