পছন্দের তারকাকে সবার চেয়ে এগিয়ে রাখতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তর্কে জড়িয়ে পড়েন ভক্তরা। কখনো সেই তর্ক রূপ নেয় ভার্চ্যুয়াল ঝগড়ায়। এক তারকার ভক্তরা অন্য তারকাকে ছোট করে নিজেদের প্রিয় অভিনয়শিল্পীকে এগিয়ে রাখার চেষ্টা করেন। এবার এমনই পরিস্থিতি তৈরি হয়েছে ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুবকে ঘিরে।
তবে ভক্তদের মধ্যে যতই তুলনা কিংবা তর্ক চলুক, বাস্তবে জোভান ও তৌসিফের সম্পর্ক একেবারেই ভিন্ন। অভিনয়জীবনের শুরু থেকেই তাঁরা একে অপরের কাছের বন্ধু। দীর্ঘদিনের সেই বন্ধুত্বের কথা এবার ভক্তদের মনে করিয়ে দিয়েছেন জোভান।
তৌসিফের সঙ্গে একটি ছবি প্রকাশ করে জোভান লিখেছেন, ‘আমাদের দুইজনকে নিয়ে ভক্তদের নিজেদের মধ্যে এত ঝগড়াঝাঁটি, এত ভার্চ্যুয়াল মারামারি করার আগে একটা জিনিস জেনে রাখেন, আমরা একে অপরকে যতটা সম্মান করি, আপনারা একে অপরকে ততটা সম্মান করেন না।’
জোভানের এই বক্তব্যে স্পষ্ট, ভক্তদের পারস্পরিক তুলনা বা দ্বন্দ্ব তাঁদের ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি। বরং একে অপরের প্রতি সম্মান রেখেই দীর্ঘ সময় ধরে বন্ধুত্ব ধরে রেখেছেন দুই অভিনেতা।
জোভান ও তৌসিফের পরিচয়ও তাঁদের ক্যারিয়ারের শুরুর দিকে। নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় ‘ঝালমুড়ি’ ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। এরপর বিভিন্ন সময়ে একসঙ্গে কাজ করতে করতে তাঁদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। একপর্যায়ে সহকর্মীর সম্পর্ক পেরিয়ে তাঁরা হয়ে ওঠেন ভালো বন্ধু।
প্রায় ১৩ বছর ধরে সেই বন্ধুত্ব টিকে রয়েছে। অভিনয়জগতের ব্যস্ততার মধ্যেও সুযোগ পেলেই একসঙ্গে সময় কাটান তাঁরা। নিয়মিত আড্ডাও হয় দুই বন্ধুর।
বন্ধুত্ব নিয়ে এর আগেও কথা বলেছেন জোভান। তাঁর মতে, কাজের ব্যস্ততা যতই থাকুক, বন্ধুদের সঙ্গে মাঝেমধ্যে দেখা হওয়া প্রয়োজন। কারণ, কাছের বন্ধুরা একসঙ্গে হলে মন ভালো থাকে।
তৌসিফের সঙ্গে আড্ডায় ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়েও খুনসুটি চলে বলে জানিয়েছিলেন জোভান। দীর্ঘদিনের বন্ধুত্ব হওয়ায় তাঁদের মধ্যে একে অপরকে নিয়ে মজা কিংবা খোঁচাখুঁচিও স্বাভাবিক বিষয়।
জোভান বলেছিলেন, ‘আমরা সবাই একটা ব্যাপার অনুভব করি, ব্যস্ততা যতই থাকুক না কেন, মাঝেমধ্যে দেখা হওয়া জরুরি। কারণ, বন্ধুরা এক হলে মন ভালো হয়। আড্ডায় আমাদের খোঁচাখুঁচি চলতেই থাকে। বেশির ভাগ সময় আমরা ক্যারিয়ার, ব্যক্তিগত নানা কিছু নিয়ে মজা করি…খুনসুটি আরকি। বন্ধুদের মধ্যে যা হয়। এখনো তৌসিফের সঙ্গে যখনই দেখা হোক বা কথা হোক, ওই সম্পর্ক আগের মতো।’
ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই অভিনেতার ভক্তদের মধ্যে কে এগিয়ে কিংবা কে বেশি জনপ্রিয়—এ নিয়ে যতই তর্ক চলুক, জোভান ও তৌসিফের বন্ধুত্বে তার প্রভাব নেই। বরং ভক্তদের প্রতি জোভানের বার্তা পরিষ্কার—প্রিয় তারকাকে সমর্থন করতে গিয়ে অন্যকে ছোট করার চেয়ে পারস্পরিক সম্মান বজায় রাখাই গুরুত্বপূর্ণ।

