পবিত্র মক্কার আকাশে দেখা গেল দৃষ্টিনন্দন এক মহাজাগতিক দৃশ্য। ২০২৬ সালে দ্বিতীয়বারের মতো চাঁদ প্রায় সরাসরি পবিত্র কাবা শরিফের ওপর অবস্থান করেছে। বিশেষ এই মুহূর্তে কাবা শরিফ থেকে তাকালে চাঁদকে প্রায় ঠিক মাথার ওপর দেখা গেছে।
জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট প্রকৌশলী মাজেদ আবু জাহরার দেওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে চাঁদ সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়।
ওই সময় পবিত্র কাবা শরিফের অবস্থান থেকে চাঁদের উচ্চতা ছিল প্রায় ৮৯ দশমিক ৮৭ ডিগ্রি। ৯০ ডিগ্রি উচ্চতা মানে কোনো মহাজাগতিক বস্তু পর্যবেক্ষকের ঠিক মাথার ওপর অবস্থান করা। ফলে এদিন চাঁদের অবস্থান ছিল কাবা শরিফের প্রায় সরাসরি ওপরে।
জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে এটি বিশেষ একটি ঘটনা। চাঁদের কক্ষপথে চলাচলের সময় এর অবস্থান যখন মক্কার অক্ষাংশের খুব কাছাকাছি চলে আসে, তখন এমন দৃশ্য তৈরি হতে পারে।
এ ধরনের অবস্থানের সময় পৃথিবী থেকে পর্যবেক্ষণ করলে চাঁদকে আকাশের সর্বোচ্চ বিন্দুর অত্যন্ত কাছাকাছি দেখা যায়। পবিত্র কাবা শরিফের অবস্থানের সঙ্গে মিলিয়ে যাওয়ায় ঘটনাটি মক্কার আকাশে বিশেষ আকর্ষণ তৈরি করে।
চলতি বছর এটি দ্বিতীয়বারের মতো ঘটেছে। চাঁদের উচ্চতা প্রায় ৮৯.৮৭ ডিগ্রিতে পৌঁছানোয় কাবা শরিফের ওপর চাঁদের অবস্থান ছিল প্রায় নিখুঁতভাবে উল্লম্ব।
প্রাকৃতিক ও জ্যোতির্বৈজ্ঞানিক এই দৃশ্য কাবা শরিফকে কেন্দ্র করে তৈরি হওয়ায় ঘটনাটি বিশেষ আগ্রহের জন্ম দিয়েছে। একই সঙ্গে চাঁদের কক্ষপথ, পৃথিবীর বিভিন্ন স্থানের অক্ষাংশ এবং আকাশে মহাজাগতিক বস্তুর অবস্থানের সম্পর্ক বোঝার ক্ষেত্রেও এটি একটি উল্লেখযোগ্য ঘটনা।



