২০১৮ সালে জনপ্রিয় পডকাস্টার জো রোগানের অনুষ্ঠানে অংশ নিয়ে যখন ইলন মাস্ক দাবি করেছিলেন—তিনি এমন এক গাড়ি বানাতে চান যা বাতাসে উড়তে পারবে, তখন অনেকেই বিষয়টিকে রসিকতা বা অবাস্তব কল্পনা ভেবে হেসে উড়িয়ে দিয়েছিলেন। তবে সেই ঘটনার দীর্ঘ আট বছর পর নিজের সেই অবিশ্বাস্য ভাবনাকে বাস্তবে রূপ দিয়ে সবাইকে চমকে দিয়েছেন টেসলার এই শীর্ষ নির্বাহী।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের একটি কেন্দ্রে টেসলার বহুল আলোচিত উড়ন্ত গাড়ির সরাসরি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে দেখা যায়, টেসলার পরবর্তী প্রজন্মের একটি রোডস্টার গাড়ি হঠাৎ গতি বাড়িয়ে ওপরের দিকে উঠে যায়। এরপর বাতাসে ডিগবাজি খেয়ে কিছুক্ষণ ভেসে থেকে আবার অত্যন্ত নিরাপদে মাটিতে নেমে আসে। রোমাঞ্চকর সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করে মাস্ক লিখেছেন, ‘দেখা যাচ্ছে, ভবিষ্যতে সত্যিই উড়ন্ত গাড়ি থাকবে।’
২০১৮ সালে জো রোগানের পডকাস্টে মাস্ক প্রথম জানিয়েছিলেন, রোডস্টার গাড়িতে স্পেসএক্সের কোল্ড–গ্যাস থ্রাস্টার বা রকেট প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছেন তিনি। পরবর্তীতে ২০২০ সালে টেলিভিশন ব্যক্তিত্ব জে লিনোকেও তিনি নিশ্চিত করেছিলেন যে বিষয়টি নিয়ে তিনি শতভাগ সিরিয়াস। সাম্প্রতিক এই প্রদর্শনীতে রকেট থ্রাস্টার প্রযুক্তির সফল প্রয়োগে সেই দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবতার একদম দ্বারপ্রান্তে নিয়ে এলেন তিনি।
মাস্কের ঘোষণা অনুযায়ী, ওড়ার সক্ষমতাসম্পন্ন এই নতুন রোডস্টার গাড়িটি ২০২৮ সাল থেকে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। তবে নিয়ন্ত্রিত পরিবেশে গাড়িটি বাতাসে ভেসে থাকতে পারলেও সাধারণ সড়কে প্রাত্যহিক ব্যবহারের জন্য এই রকেট থ্রাস্টার কতটা নিরাপদ ও বাস্তবসম্মত হবে কিংবা বাণিজ্যিক সংস্করণে এই ফিচারটি বজায় থাকবে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।


