রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার মিজানুর রহমানসহ তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া অন্য দুই আসামি হলেন শাহরিয়ার মাহমুদ (৬০) ও শাহ আলম (৫৯)। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার তিন আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আল আমিন তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন জানান।
শুনানিতে আসামিপক্ষ দাবি করে, নিউগিনি প্রপার্টিজের লোকজন নিজেরাই ওই ঘটনা ঘটিয়েছেন এবং গ্রেপ্তার ব্যক্তিরা নির্দোষ। ন্যায়বিচারের স্বার্থে তাঁদের রিমান্ড আবেদন বাতিল করে জামিন দেওয়ার আবেদন করেন আইনজীবীরা।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, নিউগিনি প্রপার্টিজের জায়গা নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। ওই জায়গায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ছিল। জমিসংক্রান্ত বিরোধের জেরে সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রপক্ষ আদালতে দাবি করে।
রাষ্ট্রপক্ষ আরও অভিযোগ করে, মিজানুর রহমানসহ অন্যরা সম্পত্তি দখলের চেষ্টা করেছেন। পাশাপাশি ঘটনাটি ঘিরে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তিন আসামির প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২৮ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
একই মামলায় গ্রেপ্তার আরও তিন আসামি মামুন, মো. আসলাম ও মো. মুন্নাকে বুধবার তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। ফলে নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেপ্তার ছয়জনকে দুই দফায় তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি পেল পুলিশ।
মামলার অভিযোগ অনুযায়ী, নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের কেনা জমিতে নির্মিত প্রকল্পটি জবরদখল এবং সেখানে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছিল। এসব অভিযোগ এখনো বিচারিকভাবে প্রমাণিত হয়নি।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউগিনি প্রপার্টিজের প্রকল্প কার্যালয় ও আশপাশের স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, হামলার সময় নির্মাণাধীন ভবনের সাইট প্রকৌশলী মো. পারভেজ ও নিরাপত্তাপ্রহরী সৈয়দ নজরুল ইসলামকে মারধর করে আহত করা হয়।
ঘটনার পেছনে জমির দখল নিয়ে বিরোধ থাকার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে পুলিশ জানিয়েছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং মামলায় করা অভিযোগগুলোর সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।


