বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৬ রবিউস সানি ১৪৪৮

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে টানা ছুটি শুরুর আগে আগামী ১৭ অক্টোবর শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে আগে থেকেই ছুটি ছিল। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। নতুন সিদ্ধান্তে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সংশ্লিষ্টরা।

তবে এই দীর্ঘ ছুটি শুরুর আগে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে স্বাভাবিক কার্যক্রম চলবে।

ছুটির মধ্যেও যেসব সেবা চালু থাকবে

প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাকসেবার কার্যক্রম চালু থাকবে। এসব সেবার সঙ্গে যুক্ত কর্মী ও যানবাহনও ছুটির আওতামুক্ত থাকবে।

একইভাবে হাসপাতাল ও অন্যান্য জরুরি চিকিৎসাসেবা চালু থাকবে। চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত যানবাহন ও কর্মীরাও দায়িত্ব পালন করবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোর কার্যক্রমও প্রয়োজন অনুযায়ী চলবে।

ব্যাংকিং কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। একইভাবে ছুটির সময় আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

অন্যদিকে বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের সাধারণ ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version