বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৬ রবিউস সানি ১৪৪৮

দেশের উপজেলা পরিষদগুলোতে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ করা ‘পরিদর্শন কক্ষ’ সংরক্ষণ ও যথাযথ ব্যবস্থাপনার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে উপজেলা পরিষদের মাসিক সভায় নেওয়া সিদ্ধান্ত এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য সভার কার্যবিবরণী নিয়মিত স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।

বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে পৃথক দুটি নির্দেশনা দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে পাঠানো চিঠি দুটিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল।

একটি চিঠিতে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৫ ধারার কথা উল্লেখ করা হয়েছে। আইনটি ২০০৯ ও ২০২৬ সালে সংশোধিত হয়েছে। ওই ধারা অনুযায়ী সংশ্লিষ্ট সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা এবং পরিষদকে সংসদ সদস্যের পরামর্শ গ্রহণ করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

স্থানীয় সরকার বিভাগ বলেছে, সংসদ সদস্যরা যাতে উপজেলা পর্যায়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় তাৎক্ষণিক সুবিধা পান, সে জন্য উপজেলা পরিষদে তাঁদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ নির্ধারণ ও বরাদ্দ রয়েছে।

এসব কক্ষ সংসদ সদস্যদের জন্য সংরক্ষিত রাখার পাশাপাশি যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অন্য নির্দেশনায় উপজেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী নিয়মিত সরকারের কাছে না পৌঁছানোর বিষয়টি তুলে ধরা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারা অনুযায়ী পরিষদের প্রতিটি সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে সরকার এবং সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানোর বিধান রয়েছে।

তবে স্থানীয় সরকার বিভাগের পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ থেকে নিয়মিতভাবে সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠানো হচ্ছে না। এতে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণে সমস্যা হচ্ছে বলে জানানো হয়েছে।

উদাহরণ হিসেবে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ উপজেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে আগের মাসে অনুষ্ঠিত সভার কার্যবিবরণীর সফট কপি স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে। একই সঙ্গে কার্যবিবরণীর হার্ডকপিও ডাকযোগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের এই দুটি চিঠির অনুলিপি দেশের সব সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version