অভিনয়ের প্রয়োজনে যেকোনো দৃশ্যে কিংবা খোলামেলা পোশাকে রাজি হতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে মনে করেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চরিত্রের প্রয়োজনে বিকিনি বা স্বল্পবাস পরিধানের প্রসঙ্গ এলেও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ও আত্মমর্যাদার সীমারেখাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তবে নির্মাতাদের কাছে নিজের অস্বস্তির কথা সরাসরি জানানো সবসময় সহজ নয় বলেও অকপটে স্বীকার করেছেন তিনি।
সম্প্রতি জনপ্রিয় সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে স্বামী বিজয় দেবরকোন্ডার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত হয়ে পর্দায় শরীর প্রদর্শন এবং নারী চরিত্রের উপস্থাপন নিয়ে এসব কথা বলেন রাশমিকা। রাম চরণের ‘পেদ্দি’ সিনেমায় জাহ্নবী কাপুরের চরিত্র ঘিরে সাম্প্রতিক বিতর্কের সূত্র ধরেই তাঁদের এই আলোচনা শুরু হয়।
রাশমিকা জানান, বাণিজ্যিক সিনেমায় অনেক সময় চিত্রনাট্যের প্রয়োজনে স্বল্পপোশাক ব্যবহারের পরিস্থিতি তৈরি হয়, যা হয়তো অভিনেতার ব্যক্তিগত পছন্দের সাথে মেলে না। তিনি স্পষ্ট করে দেন, বিকিনি পরার মতো পরিস্থিতি আসলেও তিনি অতিরিক্ত শরীর প্রদর্শনে স্বাচ্ছন্দ্য নন এবং শুরুতেই নির্মাতাদের কাছে তাঁর এই ব্যক্তিগত সীমার বিষয়টি জানিয়ে দেন। অধিকাংশ সংবেদনশীল পরিচালকই তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানান বলে তিনি উল্লেখ করেন।
এদিকে কোনো দৃশ্যে আপত্তি জানাতে গেলে বিজয়ের সমর্থন তাঁকে সাহস জোগায় বলে জানান রাশমিকা। এ প্রসঙ্গে বিজয় দেবরকোন্ডা বলেন, চুক্তি স্বাক্ষরের পর অনেক সময় অভিনয়শিল্পীদের ওপর একধরনের অদৃশ্য চাপ তৈরি করা হয় এবং আপত্তি জানালে ‘অপেশাদার’ তকমা পাওয়ার ভয় থাকে। বিজয়ের মতে, অভিনয়শিল্পীদের প্রয়োজনে ‘না’ বলার পূর্ণ স্বাধীনতা ও সাহস থাকা জরুরি এবং নির্মাতাদেরও এমন খোলামেলা কাজের পরিবেশ সৃষ্টি করা উচিত।



