ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
পুলিশ বাহিনীকে শক্তিশালী না করলে সমাজে দিনে বা রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনসে জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারাও নানা প্রয়োজনে পুলিশের সহায়তা নেন। আইজিপি বলেন, অর্থনৈতিক উন্নয়ন ছাড়া মানুষের জীবনযাত্রার মান বাড়ানো সম্ভব নয়। আর অনেক সমস্যার মূলে রয়েছে বেকারত্ব; প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত তরুণ নতুন করে বেকারের তালিকায় যুক্ত হচ্ছেন।
মাদকের বিষয়ে পুলিশ শূন্য সহনশীলতা নীতিতে রয়েছে জানিয়ে তিনি কিশোর গ্যাং নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা চান। জনসচেতনতা বাড়ানো এবং পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
