ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
চিরচেনা সবুজ নয়, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে নেমেছেন গোলাপি জার্সি পরে। এই রংবদলের পেছনে কোনো ক্রিকেটীয় কারণ নেই, উদ্দেশ্য স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানো।
পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচটি স্তন ক্যানসার সচেতনতায় উৎসর্গ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বজুড়ে অক্টোবর মাস স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। শুধু জার্সি নয়, গোলাপি সাজে সেজেছে পুরো স্টেডিয়াম। স্টাম্পের রংও গোলাপি, বড় পর্দা ও এলইডি বোর্ডে চলছে সচেতনতামূলক বার্তা। ইংল্যান্ডের ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল ও ধারাভাষ্যকারেরাও এই উদ্যোগে যোগ দিয়েছেন।
পিসিবির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এই আয়োজনে সহযোগী হিসেবে আছে পিংক রিবন ব্রেস্ট ক্যানসার ট্রাস্ট হাসপাতাল। লক্ষ্য, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও সময়মতো চিকিৎসার গুরুত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়া। পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুমাইর আহমদ সৈয়দ বলেছেন, দেশে ক্রিকেটের যে বিপুল জনপ্রিয়তা, তার সঙ্গে দায়িত্বও জড়িয়ে আছে। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ কাজে লাগিয়ে তাঁরা স্তন ক্যানসার নিয়ে সচেতনতা ছড়াতে চান।
স্তন ক্যানসার সচেতনতায় পাকিস্তানের গোলাপি জার্সি পরা অবশ্য এবারই প্রথম নয়। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ‘পিংক ডে’ পালন করেছিল দলটি। তবে ওয়ানডেতে এমন আয়োজন এই প্রথম।
