ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
বাংলাদেশে তৈরি অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে রান্না করা খাবারে বিষাক্ত ধাতু সিসা মিশে যাচ্ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষকদের মতে, নতুন পাত্রে এই ঝুঁকি বেশি হলেও পুরোনো পাত্রও পুরোপুরি নিরাপদ নয়।
গবেষণায় দেখা গেছে, নতুন অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা ভাতে প্রতি কেজিতে গড়ে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম পর্যন্ত সিসা পাওয়া গেছে। কয়েকবার ব্যবহারের পর খাবারে সিসার পরিমাণ কমলেও তা উদ্বেগজনক মাত্রায়ই থেকে যায়। পাত্র পরিষ্কারের সময় শক্ত তারের জালি দিয়ে ঘষলে সিসা নির্গমনের পরিমাণ আরও বেড়ে যায় বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা খাদ্যে সিসার সামান্যতম উপস্থিতিও গ্রহণযোগ্য মনে করে না। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বজুড়ে ৩৫ লাখের বেশি মৃত্যুর জন্য সিসার সংস্পর্শ দায়ী ছিল, যার প্রধান কারণ হৃদ্যন্ত্রের রক্তনালিতে সিসার ক্ষতিকর প্রভাব। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন শিশুদের জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়াজাত খাদ্যে প্রতি কেজিতে সর্বোচ্চ ১০ মাইক্রোগ্রাম সিসার সীমা নির্ধারণ করেছে।
দেশে অ্যালুমিনিয়ামের পাত্রে সিসার এমন উপস্থিতি থাকার পরও এসব পণ্যের মান দেখার কেউ নেই, সরকারি স্তরে কোনো তৎপরতাও চোখে পড়ছে না। এর আগে গত বছর আইসিডিডিআরবির এক গবেষণায় ঢাকা শহরের প্রায় শতভাগ শিশুর শরীরে উদ্বেগজনক মাত্রায় সিসার উপস্থিতি পাওয়া গিয়েছিল। সম্প্রতি প্রকাশিত ‘টক্সিক কুকওয়্যার: লিড এক্সপোজার ফ্রম অ্যালুমিনিয়াম পটস ইন বাংলাদেশ’ শীর্ষক এই গবেষণা ২৫ অক্টোবর একটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
