চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নগর শাখার সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসায় ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। তাঁর বাসা মনে করে পাশের আরেকটি ভবনেও হামলা ও ভাঙচুর করা হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে নগরের দামপাড়ার পল্টন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। একই রাতে নগরের জিইসি মোড় এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়।
স্থানীয় ও ভবন সূত্রে জানা যায়, হামলা চালানো ভবন দুটি হলো ‘জহুর আহমেদ চৌধুরী টাওয়ার’ ও ‘সাঈদা নিবাস’। জহুর আহমেদ চৌধুরী টাওয়ারের দ্বিতীয় তলায় মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা রয়েছে; দুর্বৃত্তরা ওই তলার কাচ ভাঙচুর করে। এছাড়া ভবনের নিচতলায় কেয়ারটেকার ও নিরাপত্তা প্রহরীর কক্ষও ক্ষতিগ্রস্ত করা হয়।
ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান, গতকাল রাত সাড়ে ১১টা থেকে ১২টার দিকে লাঠিসোঁটা নিয়ে ৫০ থেকে ৬০ জনের একটি দল এলাকায় আসে। প্রথমে তারা মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা ভেবে পাশের ‘সাঈদা নিবাস’ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে জহুর আহমেদ চৌধুরী টাওয়ারে ঢুকে ভাঙচুর চালায়।
এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন জানান, মাহতাব উদ্দিন চৌধুরীর বাসায় ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখানে কিছু কাচের টুকরা পড়ে থাকতে দেখা যায়। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।
অন্যদিকে নগরের জিইসি মোড় এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যালয়ে আগুন দেওয়ার একটি অপচেষ্টা ব্যর্থ হয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়টিতে আগুন লাগানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। এই ঘটনার পেছনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।



