ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
প্রেম করতে চান বা না চান, অনলাইনে মায়ার বাঁধনে জড়িয়ে প্রতারণার ফাঁদে পড়তে পারেন যে কেউ; এ নিয়ে সম্প্রতি সতর্ক করেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী সাইবার নিরাপত্তাকর্মী আরন বুগাল।
তাঁর মতে, প্রতারকেরা এখন আর শুরুতেই প্রেমের প্রস্তাব বা টাকার আবদার নিয়ে হাজির হন না। বরং মনের কষ্টে সান্ত্বনা দিয়ে, যত্ন আর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আগে বিশ্বাস আদায় করেন। আস্থা তৈরি হলেই শুরু হয় আসল কাজ, যার লক্ষ্য ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া আর আর্থিক প্রতারণা। ডেটিং অ্যাপ বা সামাজিক মাধ্যমের পরিচয় থেকেই অনেক সময় এই জালে জড়িয়ে পড়েন মানুষ।
আরন বুগাল বলেন, নিজের ব্যক্তিগত তথ্য ও জীবনের প্রতিটি মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলে ঝুঁকি বাড়ে। প্রতারকেরা সাধারণত সেসব মানুষকেই বেছে নেন, যাঁরা একাকিত্বে ভুগছেন, সম্পর্ক ভেঙেছে কিংবা জীবনসঙ্গী খুঁজছেন। শুধু আবেগপ্রবণ মানুষ নন, চড়া সুদে বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সির লোভ দেখিয়ে অভিজ্ঞ ও চালাক মানুষকেও বোকা বানানো হচ্ছে।
বিপদের লাল সংকেত চিনতেও কয়েকটি বিষয় মনে রাখতে বলেছেন তিনি। প্রোফাইলের ছবি অতিমাত্রায় নিখুঁত, মডেলের মতো হলে গুগলের রিভার্স ইমেজ সার্চে মিলিয়ে দেখা যায় ছবিটি অন্য কারও কি না। প্রোফাইলে পুরোনো পোস্ট থাকে না, কাজ বা পরিচয়ের বিবরণ বারবার বদলে যায়। কিছুদিন পরই চিকিৎসা, আইনি জটিলতা বা জরুরি প্রয়োজনের কথা বলে টাকা চাওয়া হয়, আর সেই টাকা পাঠাতে বলা হয় গিফট কার্ড, ক্রিপ্টোকারেন্সি বা আন্তর্জাতিক ওয়্যার ট্রান্সফারে।
দেখা করার কথা উঠলেই নানা অজুহাত দেওয়া, নেটওয়ার্ক বা পারিবারিক সমস্যার কথা বলে ভিডিও কল এড়িয়ে যাওয়াও একই ছকের অংশ। আবার দামি উপহার বা গহনা পাঠানোর কথা বলে কুরিয়ার ফি, কাস্টমস চার্জ কিংবা রিলিজ ফির নামে টাকা দাবি করা হয়। এমন কিছু চোখে পড়লে আর এগোনো উচিত নয় বলে সতর্ক করেছেন এই বিশেষজ্ঞ।
