ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহিকে চমকে দিয়ে পুয়ের্তো রিকোর ক্যাম্পে হাজির হয়েছেন দীর্ঘদিনের বন্ধু তানজিয়া জামান মিথিলা। অপ্রত্যাশিত এই দেখায় আবেগ ধরে রাখতে পারেননি মাহি, বন্ধুকে জড়িয়ে কেঁদে ফেলেন তিনি।
প্রতিযোগিতার চাপ আর প্রস্তুতির ব্যস্ততার মধ্যেই হঠাৎ সামনে এসে দাঁড়ান মিথিলা। বিস্ময়, উচ্ছ্বাস আর চোখের জলে মেশা সেই পুনর্মিলনের মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করেছেন তিনি। ক্যাপশনে মিথিলা লিখেছেন, ১৫ বছরের বেশি সময়ের বন্ধুত্ব আর একসঙ্গে বড় হওয়ার স্মৃতি নিয়ে মিস ইউনিভার্সের মঞ্চে এই মুহূর্ত তাঁদের দুজনের জন্যই বিশেষ। ২৪ ঘণ্টার ক্লান্তিকর ফ্লাইট শেষে সরাসরি মাহির কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরার সময় মনে হয়েছে, ছোটবেলার সব স্বপ্ন যেন একসুতোয় গেঁথে গেছে।
শুধু দেখা করতেই নয়, বিশ্বমঞ্চে মাহির পাশে থাকতেই পুয়ের্তো রিকোয় উড়ে গেছেন মিথিলা। গত আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা থেকে বন্ধুর মেন্টরের ভূমিকায়ও থাকবেন তিনি। পিপলস চয়েস ভোটে মাহিকে এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মিথিলা লিখেছেন, মেয়েটাকে জিতিয়ে আনতে হবে।
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতার পর মাহির যাত্রা ছিল সিনেমার মতোই অবিশ্বাস্য। মাত্র কয়েক দিনের প্রস্তুতিতে গত ৭ নভেম্বর মুকুট জিতে ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর বিমান ধরেন তিনি। আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) বসবে মিস ইউনিভার্সের চূড়ান্ত আসর।

