ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
আগামী চার বছরে প্রায় ১২ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। দেশটির বিভিন্ন খাতে শ্রমিক সংকট তীব্র হওয়ায় বিদেশ থেকে দক্ষ কর্মী আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা বাংলাদেশি কর্মীদের জন্যও নতুন সুযোগ তৈরি করছে।
সংশ্লিষ্টরা বলছেন, অস্ট্রেলিয়ায় মূলত দক্ষ কর্মীর চাহিদা বেশি। বিশেষ করে নার্স, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও কৃষি খাতের কর্মীসহ বিভিন্ন পেশাজীবীর জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। বাংলাদেশের কর্মীরা প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পারলে এই শ্রমবাজারে নিজেদের জায়গা করে নিতে পারবেন। তবে সেজন্য দরকার সরকারি উদ্যোগ এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ।
শ্রমিক সংকট মোকাবিলায় গত সেপ্টেম্বরে স্থায়ী অভিবাসীর সংখ্যা বাড়ানোর ঘোষণা দেয় অস্ট্রেলিয়া সরকার। চলতি অর্থবছরে দেশটিতে স্থায়ী অভিবাসীর বার্ষিক কোটা ৩৫ হাজার বাড়িয়ে ১ লাখ ৯৫ হাজার করা হয়েছে। এর আগে বছরে সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার স্থায়ী অভিবাসী নেওয়ার সুযোগ ছিল।
জবস অ্যান্ড স্কিলস সামিটে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল বলেছেন, শ্রমিক সংকটের কারণে অস্ট্রেলিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চাপের মধ্যে আছে। নার্স, প্রকৌশলী ও কৃষি খাতের কর্মী নিয়োগের মাধ্যমে এই সংকট সামলানোর চেষ্টা চলছে। তিনি আরও জানান, অস্ট্রেলিয়ার অগ্রাধিকার সব সময় নিজ দেশের নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করা, কিন্তু অন্য সব সম্ভাবনা কাজে লাগানোর পরও স্বল্প মেয়াদে হাজার হাজার কর্মীর ঘাটতি থেকেই যাবে।
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষক ড. আবুল হাসনাত মিল্টন মনে করেন, এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ সরকারের সক্রিয় ভূমিকা প্রয়োজন। তাঁর মতে, পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ব্যবস্থা করতে পারে।

