ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
এশিয়া কাপ রাইজিং স্টারসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ১৫ বছর বয়সী ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী; ম্যাচের আগে সাবেক তারকা যুবরাজ সিংয়ের সঙ্গে আধা ঘণ্টার কথোপকথনই এই ইনিংসের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন তিনি।
দোহায় খেলা ওই ম্যাচে সূর্যবংশী ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ আর ৫২ বলে দ্বিশতক পূর্ণ করেন। পুরো ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ২৮টি ছক্কা। এমন ইনিংসের পর ভারতের টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব সামাজিক মাধ্যমে লিখেছেন, বৈভবই এখন তাঁর অনুপ্রেরণা।
অথচ এই ইনিংসের আগে সময়টা ভালো যাচ্ছিল না সূর্যবংশীর। এশিয়া কাপ রাইজিং স্টারস, ঘরোয়া টি-টুয়েন্টি ও জাতীয় দলের হয়ে খেলা সর্বশেষ সাত ইনিংসে তিনি কোনো ফিফটি পাননি। উত্তর খুঁজতে তিনি কথা বলেন চারজনের সঙ্গে: বাবা, শৈশবের কোচ মনীশ ওঝা, অনূর্ধ্ব-১৯ দলের এক সতীর্থ বন্ধু এবং যুবরাজ সিং।
বিসিসিআই টিভিকে সূর্যবংশী জানিয়েছেন, যুবরাজের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেছেন তিনি। তরুণ প্রতিভাদের তারকা বানিয়ে তোলায় যুবরাজের সুনাম আগে থেকেই আছে; অভিষেক শর্মা ও শুবমান গিলের উঠে আসার পেছনেও তাঁর অবদানের কথা বলা হয়।

