সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩, ১৩ মহররম ১৪৪৮

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে আবারও কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের দ্রুত প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

সোমবার সকালে সীমান্তের ১১০ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ জন নারী-পুরুষকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তারা কিছু সময় সীমান্তসংলগ্ন একটি পাটখেতে অবস্থান করেন।

স্থানীয় কৃষকদের দাবি, ভোরে মাঠে কাজ করতে গিয়ে তাঁরা পাটখেতের ভেতর দিয়ে কয়েকজনকে আসতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে দ্রুত বিজিবিকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে তৎপরতা বাড়ালে এবং স্থানীয়রাও একযোগে প্রতিরোধ গড়ে তুললে ওই ব্যক্তিরা আবার ভারতের দিকে ফিরে যান।

নাজিরাকোনা উত্তরপাড়া গ্রামের কৃষক সাইফুল মিয়া জানান, বিজিবির উপস্থিতির খবর টের পেয়েই ওই ব্যক্তিরা সীমান্তের ভারতীয় অংশে সরে যান। এরপর সীমান্ত এলাকায় বিজিবির টহল আরও জোরদার করা হয়।

ঘটনার বিষয়ে নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হোসেন বলেন, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের খবর পাওয়ার পরপরই বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এতে ওই ব্যক্তিরা আবার কাঁটাতারের ওপারে চলে যান। তবে ঠিক কতজনকে বিএসএফ বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। গত শুক্রবার মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা সীমান্ত দিয়ে তিনজন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। সেদিনও বিজিবির কঠোর নজরদারির কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।

সীমান্তে ধারাবাহিকভাবে এমন ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। অন্যদিকে সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার করেছে বিজিবি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version