শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের কারাগারে বর্তমানে বিভিন্ন অভিযোগে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৩ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

সৌদি আরবের রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহমেদ আশিকের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের কাছে হস্তান্তর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।
সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়া প্রসঙ্গে শামা ওবায়েদ জানান, বন্দিদের তালিকায় ওই দুইজনের নাম ছিল কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি বলেন, “মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আমরা বিস্তারিত তথ্য পাইনি। আদালতের রায়ের কপি চেয়ে আমরা আনুষ্ঠানিকভাবে সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। নথি হাতে পেলে পুরো বিষয়টি পরিষ্কার জানা যাবে।” তিনি আরও যোগ করেন, ওই দুই ব্যক্তির সাজার বিষয়ে ঢাকাকে পূর্ব থেকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি, যা অন্যতম বড় জটিলতা তৈরি করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, প্রবাসীদের যে কোনো সংকট মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে সমন্বয় করে কাজ করে।
অন্য দেশের বিচার ব্যবস্থার সার্বভৌমত্ব ও সার্বভৌম আইনের প্রতি সম্মান রেখেই সরকার বাংলাদেশি নাগরিকদের সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালায় উল্লেখ করে তিনি বলেন, “আমরা কোনো দেশের অভ্যন্তরীণ বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারি না। তবে আমাদের কোনো নাগরিকের দণ্ডাদেশের খবর পেলে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সাজা কমানো কিংবা রাজকীয় ক্ষমার আবেদনের সর্বোচ্চ প্রয়াস চালানো হয়।”

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version