হ/ত্যা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসবিরোধী আইনের চার মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন কনটেন্ট নির্মাতা আর এস ফাহিম চৌধুরী। শনিবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।
ফাহিমের আইনজীবী মো. রবিউল্লাহ জানান, মোহাম্মদপুর থানার দুটি, গুলশান থানার একটি এবং রমনা মডেল থানার একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান ফাহিম। জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর শনিবার সন্ধ্যায় তাঁকে মুক্তি দেওয়া হয়। এ সময় তাঁর পরিবারের সদস্যরা কারাগারের বাইরে উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৯ মার্চ রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় একদল লোকের হামলার শিকার হন ফাহিম। পরে শাহ আলী থানা-পুলিশ তাঁকে ঘটনাস্থল থেকে হেফাজতে নেয়।
পরবর্তীতে জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট গুলশান থানার ইমরান হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর মোহাম্মদপুর থানার তিনটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত দুটি মামলায় আবেদন মঞ্জুর করেন এবং একটি আবেদন নামঞ্জুর করেন।
ওই মামলাগুলোতে জামিন পাওয়ার পর নতুন করে রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সবশেষ ওই মামলাতেও উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর কারামুক্ত হন তিনি।
তবে মামলাগুলোর বিচারিক কার্যক্রম এখনো চলমান রয়েছে।



