রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩, ২ রবিউল আউয়াল ১৪৪৮

রাষ্ট্রপতি পদে নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাঁর প্রার্থিতা নিশ্চিত হলো।

ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাষ্ট্রপতি নির্বাচনে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদের প্রার্থিতা বৈধ রয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

এবারের রাষ্ট্রপতি নির্বাচন তাই আগের অনেক নির্বাচনের তুলনায় আলাদা গুরুত্ব পাচ্ছে। কারণ, সাধারণত রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর বিপরীতে বিরোধী পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয় না। তবে এবার ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে অলি আহমদকে প্রার্থী করায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতি তৈরি হয়েছে।

এখন ২০ আগস্টের ভোটে সংসদ সদস্যরা কোন প্রার্থীকে সমর্থন করেন, সেটিই নির্ধারণ করবে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version