কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে তিনটি জরুরি নির্দেশনা দিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মন্ত্রী। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনিমন্ত্রী বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর পাশাপাশি উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।
পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে তিনটি নির্দেশনা দিয়েছেন মন্ত্রী। প্রথমত, অগ্নিকাণ্ডের পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতি নিরূপণ ও পর্যটকদের সহায়তায় ঘট
নাস্থলে প্রতিনিধি দল পাঠাতে হবে।
দ্বিতীয়ত, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটন খাতের অংশীজনদের নিয়ে জরুরি সভা আয়োজন এবং সভার সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
তৃতীয়ত, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পর্যটনকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনিরাপত্তা ও জরুরি উদ্ধারবিষয়ক বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে।
মন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।
উল্লেখ্য যে, এখন পর্যন্ত টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় আগুনের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।


