রাজধানীতে মাদকবিরোধী অভিযানের সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তাঁর সহযোগীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠার পর বিষয়টি খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।
তিনি জানান, অভিযানে আগ্নেয়াস্ত্র প্রদর্শনী ও ব্যবহারের ঘটনা তদন্তের জন্য ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনারকে (ডিসি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে আইনের কোনো ধরনের ব্যত্যয় বা বিধিবহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


