তৈরি পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারের ব্যর্থতা পুরো শিল্প খাতকে চরম ঝুঁকির মুখে ফেলছে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেছেন, দেশে পুলিশ, শিল্প পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের লাঠিসোঁটা নিয়ে রাজপথে নামতে দেখা যাচ্ছে, যা প্রশ্নবিদ্ধ।
বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে গাজীপুরে শ্রমিক তৌফিক শেখের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, এই মৃত্যুর জন্য কারা দায়ী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে কতটা সফল হয়েছে, তা তদন্ত করে জনসমক্ষে প্রকাশ করতে হবে। শ্রমিকের অধিকার ও শিল্পের সুরক্ষা পরস্পরবিরোধী নয় উল্লেখ করে তিনি শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিগত সরকারের মতো শ্রমিক আন্দোলন দমনে দলীয় কর্মীদের মাঠে নামানো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে এবং নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি করে। মজুরি বোর্ড গঠন ও প্রথম সভা আহ্বানে বিলম্ব হওয়ায় সরকারের সংকট মোকাবিলার প্রস্তুতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস ইসলাম খান।

