নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। এই হারের পর দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির কৌশল নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার ফেলিপে মেলো। তাঁর মতে, বিশ্বের অন্যতম সফল কোচ হলেও এই পরাজয়ের সবচেয়ে বড় দায় আনচেলত্তিরই।
মেলোর দাবি, লুকাস পাকেতা চোটে না থাকায় শুরু থেকেই নেইমারকে একাদশে রাখা উচিত ছিল। তাঁর বিশ্বাস, ম্যাচের শুরুতে পাওয়া পেনাল্টিটি নেইমার নিলে ব্রাজিল এগিয়ে যেতে পারত এবং ম্যাচের গতিপথও বদলে যেতে পারত। পরিবর্তে ব্রুনো গিমারাইস পেনাল্টি মিস করেন, আর নেইমারকে মাঠে নামানো হয় দ্বিতীয়ার্ধে। শেষদিকে তিনি পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করলেও ততক্ষণে ম্যাচ হাতছাড়া হয়ে যায়।
শুধু ফেলিপে মেলো নন, ব্রাজিলের কিংবদন্তি রোমারিওও আনচেলত্তির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে ব্রুনো গিমারাইসকে তুলে নেওয়ার সিদ্ধান্ত তাঁর কাছে বোধগম্য হয়নি। রোমারিওর মতে, ওই পরিবর্তনের পর ব্রাজিল আরও নিয়ন্ত্রণ হারায় এবং নরওয়ে ম্যাচের দখল নিয়ে নেয়। বিশ্বকাপের আগেই আনচেলত্তির চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করেছেন তিনি। তাঁর ভাষ্য, ফুটবলে শেষ পর্যন্ত ফলাফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ।



