ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
আমন মৌসুমে কুড়িগ্রামের মাঠে কৃষকেরা যখন ধান কাটায় ব্যস্ত, তখন ভূমিহীন ও দরিদ্র নারীরা খুঁজে বেড়ান ইঁদুরের গর্ত। সেই গর্ত খুঁড়ে ইঁদুরের জমিয়ে রাখা ধান তুলে আনেন তাঁরা, যার নাম এখন ‘ইঁদুরধান’; কারও দুই মাস, কারও তিন মাসের খাবারের জোগান হয় এই ধানেই।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের মুন্নি বেগম (৫৮) তেমনই একজন। স্বামী মারা যাওয়ার পর পাঁচ মেয়েকে নিয়ে তাঁর সংসার, নিজের কোনো জমিও নেই। তাই আমন কাটার মৌসুম এলেই মাঠে মাঠে ঘুরে ইঁদুরের গর্ত খোঁজেন তিনি, তারপর মাটি খুঁড়ে বের করেন জমানো ধান। প্রতিবছর এভাবে চার মণের বেশি ধান পান তিনি, যাতে প্রায় দুই মাসের খাবার হয়ে যায়। মুন্নি বেগম বলেন, ইঁদুরধানই এখন তাঁদের সম্বল।
একই উপজেলার বাছড়া বাজার এলাকার তসলিমা বেগম (৪৭) গত বছর ছেলের বউকে সঙ্গে নিয়ে প্রায় ৯ মণ ধান সংগ্রহ করেছিলেন। তাঁর ভাষ্য, জমি নেই বলে নিজে ধান চাষ করার উপায় নেই; ইঁদুরের গর্ত খুঁড়ে যে ধান মেলে, তাতেই দুই-তিন মাস সংসার চলে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই সংগ্রহ, তবে কাজটি ঝুঁকিপূর্ণও। কখনো কখনো গর্তের ভেতর থেকে সাপ বেরিয়ে আসে, তাই প্রতিটি গর্ত খোঁড়ার সময় সতর্ক থাকতে হয়।
স্থানীয় কৃষক আহসান হাবীব (৩০) জানান, ইঁদুর ফসলের বড় শত্রু, তাই ধানকুড়ানিরা গর্ত খুঁড়লে কৃষকেরা বাধা দেন না। বরং গর্ত খোঁড়ায় খেত থেকে ইঁদুর পালিয়ে যায়, ফলে ফসলের ক্ষতিও কিছুটা কমে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, শুধু আমন মৌসুমেই মাঠে মাঠে ধানকুড়ানিদের দেখা মেলে; ইঁদুরধান সংগ্রহ বাংলার আবহমান কৃষি সংস্কৃতিরই অংশ।

