ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
টাঙ্গাইলের নতুন বাস টার্মিনালে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঘটা এ ঘটনায় অন্য একটি বাসের সহকারীর তৎপরতায় আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ক্ষতি এড়ানো গেছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবহণ শ্রমিকদের বর্ণনা অনুযায়ী, টার্মিনালের ভেতরে ‘নিরালা সুপার’ পরিবহণের বাসটি দাঁড় করানো ছিল। সকাল সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা বোতলে করে আনা পেট্রল বাসটির চাকায় ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের একটি বাসের সহকারী চাকায় আগুন জ্বলতে দেখে সঙ্গে সঙ্গে তা নিভিয়ে ফেলেন এবং টার্মিনালে থাকা মালিক ও শ্রমিকদের খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বাসের চাকার নিচ থেকে পেট্রলভর্তি একটি বোতল উদ্ধার করে। ঘটনার পর থেকে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান দাবি করেন, নাশকতার অংশ হিসেবে কেউ বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তিনি জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে। নিরাপত্তা জোরদারে টার্মিনালে রাতে পাহারার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি।

