ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
হেমন্তের মাঠজুড়ে যখন পাকা আমন ধান, তখন কুড়িগ্রামের খেতে অন্য এক লড়াইয়ে নামেন ভূমিহীন ও দরিদ্র নারীরা; হাতে কাস্তে নেই, তাঁরা খুঁজে বেড়ান ইঁদুরের গর্ত, কারণ সেই গর্ত খুঁড়লেই মেলে ইঁদুরের জমিয়ে রাখা ধান।
এই ধানই এলাকার মানুষের কাছে ‘ইঁদুরধান’ নামে পরিচিত। কারও জন্য এটি দুই মাসের, কারও জন্য তিন মাসের খাবারের সংস্থান। অভাবের সংসারে ইঁদুরের গর্তই যেন তাঁদের বেঁচে থাকার অবলম্বন হয়ে উঠেছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের মুন্নি বেগম (৫৮) তেমনই একজন। স্বামী মারা যাওয়ার পর পাঁচ মেয়েকে নিয়ে তাঁর সংসার, নিজস্ব কোনো জমি নেই। তাই আমন কাটার মৌসুম এলেই তিনি মাঠে মাঠে ঘুরে গর্ত খোঁজেন, তারপর মাটি খুঁড়ে বের করেন ইঁদুরের জমানো ধান। মুন্নি বেগম জানান, প্রতিবছর এভাবে তিনি চার মণের বেশি ধান পান, যা দিয়ে প্রায় দুই মাসের খাবার চলে। নিজেদের ‘ধানকুড়ানি’ উল্লেখ করে তিনি বলেন, ইঁদুরধানই তাঁদের সম্বল।
এই ধান সংগ্রহে স্থানীয় কৃষকদের আপত্তি নেই। গ্রামের কৃষক আহসান হাবীব (৩০) বলেন, ইঁদুর ফসলের বড় শত্রু; তাই ধানকুড়ানিরা গর্ত খুঁড়লে তাঁরা বাধা দেন না, বরং এতে খেত থেকে ইঁদুর পালিয়ে যায় এবং ফসলের ক্ষতিও কিছুটা কমে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, শুধু আমন মৌসুমেই মাঠে মাঠে ধানকুড়ানিদের দেখা মেলে এবং ইঁদুরধান সংগ্রহ বাংলার আবহমান কৃষি সংস্কৃতিরই অংশ।

