তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনঃনির্ধারণের লক্ষ্যে আজ সোমবার বেলা ১১টায় নির্ধারিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভাটি হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। সভা শুরুর মাত্র দুই থেকে তিন ঘণ্টা আগে মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে ‘অনিবার্যকারণবশত আদিষ্ট হয়ে’ সভা স্থগিতের কথা জানানো হয়। আজকের এই বৈঠকে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল, যার ওপর ভিত্তি করে মূল আলোচনা শুরু হওয়ার কথা ছিল।
সভা স্থগিতের নেপথ্যের কারণ: মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন জানান, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সকাল সোয়া নয়টার দিকে তাঁরা সভা স্থগিতের বার্তাটি পান। মজুরি বোর্ডের স্থায়ী শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় সভা স্থগিত হয়েছে বলে তিনি শুনেছেন। তবে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী তাঁকে ফোনে জানিয়েছেন যে, আনোয়ার হোসাইনের অসুস্থতার পাশাপাশি বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রম অসন্তোষের কারণেই মূলত সভাটি স্থগিত করা হয়েছে।
অন্যদিকে পোশাকশিল্প মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের যৌথ সভায় সাধারণ মালিকদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি হার ১৫ হাজার টাকার আশপাশে রাখার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল এবং বিকল্প প্রস্তাবও তৈরি ছিল। তবে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভসহ চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে মালিকপক্ষের একটি অংশ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মজুরি প্রস্তাব জমা না দেওয়ার পক্ষে মত দেয়। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে গত রাতেই সরকারের ওপর মহলে সভাটি স্থগিত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

