‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন’—এই ঘোষণাটিকে এখন আর নিছক কোনো আবেগপ্রবণ আকাঙ্ক্ষা বা কথার কথা হিসেবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি মূল পাঠ বা ‘টেক্সট’ হিসেবে সামনে এসেছে, যার অন্তর্নিহিত অর্থ বা ‘সাবটেক্সট’ এখন অত্যন্ত সুস্পষ্ট। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ককটেল বিস্ফোরণ, পার্ক করা বাসে আগুন ধরিয়ে দেওয়া, ভোরের দিকে হঠাৎ সড়ক অবরোধ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল এখন প্রায় নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
গত কদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংস ঘটনাগুলো এই সাবটেক্সটেরই বাস্তব রূপ বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর মধ্যে ফরিদপুরে ঘুমন্ত অবস্থায় বাসচালক কালাচাঁদ শেখের পুড়ে মারা যাওয়ার মর্মান্তিক ঘটনা, নেত্রকোণায় ট্রেনের বগিতে আগুন দেওয়ার অপচেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার এবং গোপালগঞ্জে পুলিশের গাড়ি উল্টে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলো পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে।
এসব ঘটনা গভীরভাবে বিশ্লেষণ করলে একটাই মর্মকথা বেরিয়ে আসে—তা হলো একটি আসন্ন ও বড় ধরনের রাজনৈতিক দুর্যোগ। এই অস্থির ও উদ্বেগজনক পরিস্থিতিতে দেশের সার্বিক নিরাপত্তা ও ভবিষ্যৎ রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

