রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙ্গর’ বাসের প্রায় অর্ধেক পুড়ে গেছে। আগুনে বাসটির অধিকাংশ আসনসহ ভেতরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘নোঙ্গর’ নামের দোতলা এই বাসটি নিয়মিতভাবে নরসিংদী রুটের শিক্ষার্থীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হয়। দুর্গাপূজার ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সুযোগে বাসটির রং ও আনুষঙ্গিক মেরামতের জন্য শনিবার মাতুয়াইলের ওই গ্যারেজে পাঠানো হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে গ্যারেজে রাখা অন্য একটি বাসে পেট্রোল থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসটিতে ছড়িয়ে পড়ে। এতে বাসের একটি বড় অংশ পুড়ে যায় এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ফলে ছুটি শেষে নরসিংদী রুটের শিক্ষার্থীদের পরিবহনসেবা সাময়িকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্যারেজের অন্য একটি বাস থেকে জবির বাসে আগুন ছড়িয়ে পড়েছিল। তিনি আরও জানান, বাসের ক্ষয়ক্ষতির সমুদয় ব্যয় গ্যারেজ কর্তৃপক্ষ বহন করতে সম্মত হয়েছে। পূজার ছুটির মধ্যেই জরুরি ভিত্তিতে মেরামতকাজ সম্পন্ন করে বাসটি পুনরায় চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে।



