অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত তদন্তের কারণে মাঠে নামা আটকে থাকার পর অবশেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ছাড়পত্র পেলেন পাকিস্তানের তারকা উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট ‘প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১’-এর শেষ রাউন্ডে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) অধিনায়ক হিসেবে মাঠে নামবেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।
এসএনজিপিএলের ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজ রিজওয়ানের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘরোয়া ক্রিকেট বিভাগ থেকে আনুষ্ঠানিক অনাপত্তিপত্র পাওয়ার পরই তাঁর খেলার বাধা দূর হয়। তবে তাঁর বিরুদ্ধে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (এনসিসিআইএ) চলমান তদন্তের কোনো সুরাহা হয়েছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
গত মাসে শেষ হওয়া ইংল্যান্ড সফর চলাকালীন রিজওয়ানের বিরুদ্ধে অনলাইন বেটিং ও জুয়ায় সম্পৃক্ততার অভিযোগ ওঠে এবং তদন্ত শুরু হয়। টেস্ট দল থেকে মাঝপথে বাদ পড়ে দেশে ফিরে এসএনজিপিএলে যোগ দিলেও পিসিবির নির্দেশনায় তাঁকে ম্যাচ খেলা থেকে বিরত রাখা হয়েছিল।
সম্প্রতি রিজওয়ান নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলার জন্য পিসিবির কাছে এনওসি চেয়ে যোগাযোগ করেন। এর পরই ঘরোয়া ক্রিকেটে তাঁর মাঠে নামার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসে এবং পুনরায় দলের নেতৃত্বের দায়িত্বও ফিরে পান তিনি।



