তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়াতে নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকরা কারখানায় কাজে ফিরেছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু। তবে একটি পক্ষ শ্রমিকদের কাজে যোগদানে বাধা সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শ্রমিকদের দাবি অনুযায়ী নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং সেই প্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু কিছু মহল শ্রমিকরা যাতে কাজে যোগ দিতে না পারেন, সে জন্য বাধা সৃষ্টি করছে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের এসব কর্মকাণ্ডে প্রকাশ্যেই দেখা যাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকরা নিজেদের স্বার্থ ও জীবিকার কথা বুঝতে পেরে কারখানায় ফিরে গেছেন।
তিনি আরও বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা বাইরে থেকে ষড়যন্ত্র করছে। তবে ৫ আগস্ট যেভাবে তারা পালিয়ে গেছে, তেমনি ষড়যন্ত্র করে তারা আর সফল হতে পারবে না এবং জাতি তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ উপস্থিত ছিলেন।

