নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম। গত ৯ মাসে সংসদ সদস্য কোথা থেকে কত টাকা নিয়েছেন, তার হিসাব ও ব্যাংক ড্রাফটের নম্বরসহ দলীয় চেয়ারম্যানের কাছে সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে সংসদ সদস্যকে নিয়ে কঠোর হুংকার দিয়ে তাঁর ‘প্যান্ট-টাই খুলে নেওয়ার’ হুমকিও দিয়েছেন বিএনপির এই নেতা।
গত সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ইতিমধ্যে তাঁর বক্তব্যের ৫ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে রবিউল আলমকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, তিনি শুনেছেন ওই সংসদ সদস্য একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়ে দাবি করেছেন বিএনপি নেতারা প্রতিটি ইউনিয়নে চিঠি দিয়ে টাকা চেয়েছেন। এর জবাবে তিনি বলেন, কোনো ইউনিয়নের কাছে টাকা চাওয়া হয়েছে তার প্রমাণ দিতে হবে, নতুবা সংসদ সদস্য কার কার কাছ থেকে টাকা নিয়েছেন তার প্রমাণসহ মহাদেবপুরের মানুষের সামনে হাজির করা হবে। স্থানীয় রাজনীতিতে এই বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

