ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্ট ২ লাখ ৭৮ হাজারের বেশি শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করেছেন। তাঁরা সব মিলিয়ে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন।
শনিবার (৭ নভেম্বর) ছিল আবেদনের শেষ দিন। তবে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, আবেদনের সময় বাড়ানো হয়েছে। এখন রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
গত ৩১ অক্টোবর প্রকাশিত এবারের ফলে বড় ধরনের অবনতি দেখা গেছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন, পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, অর্থাৎ প্রায় অর্ধেক পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

