ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা আর একটিও নেই: ২০০৬ সালে নাইরোবিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে নিজের ছেলে হিতেশ মোদিকে এলবিডব্লুর রায় দিয়েছিলেন কেনিয়ার আম্পায়ার সুভাষ মোদি, আর সেটাই ছিল হিতেশের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ইনিংস।
কেনিয়ার ক্রিকেটের সুসময়ে ৬৩টি ওয়ানডে খেলেছেন বাঁহাতি ব্যাটসম্যান হিতেশ মোদি। ১৯৯৬ বিশ্বকাপে ভারতের বিপক্ষে কেনিয়ার অভিষেক ওয়ানডেতে তিনি দলে ছিলেন। শেষ ম্যাচটি খেলেন ২০০৬ সালে, বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচের সিরিজে, নাইরোবির জিমখানা গ্রাউন্ডে।
১১তম ওভারে হিতেশ যখন ব্যাটিংয়ে নামেন, তখন ৪০ রানে ৩ উইকেট হারিয়েছে কেনিয়া। পরের দুই ওভারে স্টিভ টিকোলো ও কলিন্স ওবুয়া ফিরে গেলে স্কোর দাঁড়ায় ৪২ রানে ৫ উইকেট। এরপর ১৪তম ওভারে ঘটে নাটকীয় ঘটনা।
বাংলাদেশের পেসার মাশরাফি বিন মুর্তজার করা ওভারের পঞ্চম বলটি ছিল ইনসুইং। হিতেশের ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত করে প্যাডে। সঙ্গে সঙ্গে আবেদন করেন মাশরাফি। ওই ম্যাচের আম্পায়ার ছিলেন হিতেশের বাবা সুভাষ মোদি। ছেলেকে আউট ঘোষণা করতে এক মুহূর্তও দেরি করেননি তিনি।
এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ছেলেকে এলবিডব্লু দেওয়া প্রথম আম্পায়ার হিসেবে ইতিহাসে নাম লেখান সুভাষ মোদি। এখন পর্যন্ত এটিই একমাত্র ঘটনা হয়ে আছে।

