ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে, তবে কেউ গুরুতর আহত হননি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, প্রথমে শিক্ষক-ছাত্র কেন্দ্র বা টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, উপাচার্য চত্বর, নীলক্ষেত-সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে এবং শাহবাগ মোড়েও বিস্ফোরণের শব্দ শোনা যায়। সব মিলিয়ে নীলক্ষেত এলাকায় একটি, সিনেট ভবনের সামনে একটি, টিএসসিতে দুটি এবং শাহবাগ মোড়ে একটি বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, ক্যাম্পাসের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের তথ্য তাঁরা পেয়েছেন। টিএসসি এলাকা থেকে দুজন এবং জগন্নাথ হল এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। আটক তিনজনের বয়স ৩০ থেকে ৪২ বছরের মধ্যে; তাঁরা নাটোর, রাজশাহী ও গোপালগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।
বিস্ফোরণের উদ্দেশ্য কী ছিল এবং এর পেছনে আর কেউ জড়িত কি না, তা এখনো স্পষ্ট নয়। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

