সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩, ১২ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

গোপালগঞ্জের চন্দ্রদিঘলীতে খুলনাগামী একটি বাস আটকে যাত্রীদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয় দেখানো এবং জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে নেতৃত্ব দিতে দেখা যাওয়া যুবক ঢাকা কলেজ শাখা ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত সাবিদ হাসান, যিনি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।

গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির দিনে ‘গোপালগঞ্জ আওয়ামী’ নামের একটি ফেসবুক পেজে ‘গোপালগঞ্জ চন্দ্রদিঘলীয় বাস চেক’ শিরোনামে ভিডিওটি প্রকাশ করা হয়, যা রোববার (২২ নভেম্বর) পর্যন্ত প্রায় ৭ লাখ বার দেখা হয়েছে। ভিডিওতে দেখা যায়, একদল যুবক বাস থামিয়ে যাত্রীদের অস্ত্র দেখিয়ে স্লোগান দিতে বাধ্য করছেন; এক যাত্রীকে ছুরি দেখিয়ে তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে তল্লাশিও করা হয়। এ সময় যাত্রীরা চরম আতঙ্কে পড়েন।

ঢাকা কলেজের কয়েকজন ছাত্রদল নেতার ভাষ্য অনুযায়ী, সাবিদের বাড়ি গোপালগঞ্জে এবং কলেজে ভর্তির পর থেকে তিনি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন; একসময় কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। জানা গেছে, তাঁর আপন বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, আর পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হিসেবে পরিচিত। একটি অনলাইন পোর্টালে নিজেকে মাল্টিমিডিয়া প্রতিবেদক পরিচয় দিয়ে প্রতিবেদন প্রকাশের তথ্যও পাওয়া গেছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিনসহ কয়েকজন কর্মী ফেসবুকে ক্ষোভ জানিয়ে সংগঠনে কর্মী বাছাইয়ে ‘বলয়’ রাজনীতির সমালোচনা করেছেন।

তবে কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন বলেছেন, সাবিদের ছাত্রদলের কোনো কমিটিতে পদ ছিল না, সাংগঠনিক কর্মসূচিতেও সক্রিয় ছিলেন না, এবং গত ছয়-সাত মাস তাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই। তাঁর পরিবারের আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার কথা তাঁরা জানতেন না উল্লেখ করে তিনি বলেন, সাবিদকে পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে, আর ভবিষ্যতে নতুন কর্মীদের পরিচয় যাচাইয়ে ছাত্রদল আরও সতর্ক থাকবে। অভিযোগের বিষয়ে জানতে সাবিদ হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version