ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
ঢাকাই সিনেমার অভিনেত্রী নাজিফা তুষি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীর ‘স্নো লেপার্ড’ পুরস্কার জিতেছেন। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমার অভিনয়ের জন্যই এই স্বীকৃতি মিলেছে।
এশিয়ার বৈচিত্র্যময় চলচ্চিত্রকে বিশ্ব দর্শক ও হলিউডের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করে এই উৎসব। এর সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননাগুলোর একটি ‘স্নো লেপার্ড’। আগে এই পুরস্কার পেয়েছেন ভুটান, লেবানন ও সিঙ্গাপুরের গুণী অভিনেত্রীরা; এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাজিফা তুষির নাম।
‘রইদ’-এর জন্য এটি তুষির দ্বিতীয় আন্তর্জাতিক সেরা অভিনেত্রীর পুরস্কার। এর আগে কানাডার মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরেও একই সিনেমায় অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী হয়েছিলেন। সাফল্যে খুশি হলেও কাজকেই সবচেয়ে বড় করে দেখছেন তিনি। তুষির ভাষ্য, তিনি কখনো পুরস্কারের আশায় কাজ করেন না; চরিত্রটিকে ঠিকভাবে তুলে ধরাই তাঁর কাছে মুখ্য। তবে সেই চরিত্র স্বীকৃতি এনে দিলে সেটা অবশ্যই ভালো লাগার, আর এই অর্জন তাঁর দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে।
শুধু অভিনয় নয়, ‘রইদ’ সিনেমাটিও আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান গড়েছে। প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে এটি ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ জায়গা পেয়ে ইতিহাস গড়েছে। ছবিটি সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং ডানাং এশীয় চলচ্চিত্র উৎসব ও অস্ট্রিয়ার ইনসব্রুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। সিনেমায় তুষির সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান।
