সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩, ১২ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশজুড়ে চলছে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ, আর এ কাজে তথ্য সংগ্রহকারীরা শিগগির বাড়ি, ফ্ল্যাট ও ঘরে গিয়ে সরাসরি পরিবারের সদস্যদের তথ্য নেবেন। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকে প্রস্তুত রাখতে নাগরিকদের অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির এক নম্বর এবং সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি। প্রতিটি পরিবারকে শুমারির আওতায় আনতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে সারা দেশে এই তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যে নারী সদস্যের নামে কার্ড ইস্যু করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে। পরিবারের অন্য সদস্যদের এনআইডি এবং যাদের এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে হবে। বিশেষ করে ১৮ বছরের কম বয়সিদের জন্মনিবন্ধন সনদ হাতের কাছে রাখতে বলা হয়েছে। এ ছাড়া কার্ডগ্রহীতা নারীর এনআইডিতে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের তথ্য, পরিবারের আয়-ব্যয়, সম্পদ ও সদস্যসংক্রান্ত সঠিক তথ্যও লাগবে।

বাড়ির ছবি ও কার্ডগ্রহীতা নারীর ছবি তোলা হতে পারে, আর প্রয়োজন অনুযায়ী ফরমে স্বাক্ষর বা টিপসই দিতে হবে। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড বিনা মূল্যে দেওয়া হবে; কার্ড পাইয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে কেউ টাকা চাইলে তা দেওয়া যাবে না।

কোনো পরিবার যেন শুমারি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সচেতন থাকতে এবং তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে। প্রচারে ভূমিকা রাখতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিও অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version