ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
আগামী শিক্ষাবর্ষে স্কুলে ভর্তির সময় অতিরিক্ত ফি আদায় বন্ধে কঠোর নির্দেশনা দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার (২৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বৈঠক বসছে।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তির সময় নির্ধারিত ফির বাইরেও বাড়তি অর্থ আদায় করে থাকে। অভিভাবকদের দীর্ঘদিনের এই অভিযোগ ঠেকাতেই কঠোর নির্দেশনা জারির প্রস্তুতি চলছে। বৈঠকে পুনঃভর্তি ফি নেওয়া বন্ধ করা যায় কি না, সেই প্রসঙ্গেও আলোচনা হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের কর্মকর্তা জানান, দুপুর ১২টায় বৈঠক শুরু হওয়ার কথা; বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।
এদিকে ২০২৭ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নির্দেশিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশিকা অনুযায়ী, ঢাকা মহানগরীসহ সারা দেশের বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে বিভিন্ন শ্রেণিতে ভর্তি নেওয়া হবে।
প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুধু অনলাইনে নেওয়া হবে। ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। গত ১৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল, যা উপপরিচালকদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

