ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
আগামী বছরের হজযাত্রীদের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে সরকার। সোমবার (২৩ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি জমা দিয়ে তবেই নির্ধারিত কেন্দ্র থেকে টিকা নেওয়া যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বাধ্যতামূলক পরীক্ষাগুলো হলো ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), ইউরিন আর/এম/ই, বুকের এক্স-রে, ইসিজি, র্যান্ডম ব্লাড সুগার এবং সিরাম ক্রিয়েটিনিন। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত (ক) শ্রেণির বেসরকারি হাসপাতালে এসব পরীক্ষা করানো যাবে। রিপোর্টসহ নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নেওয়ার পর হজযাত্রীকে স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হবে।
যাত্রীদের মধ্যে যাঁদের দুরারোগ্য বা গুরুতর রোগ রয়েছে, তাঁদের প্রয়োজন অনুযায়ী আরও কিছু পরীক্ষা করাতে হবে। হৃদযন্ত্রের অকার্যকারিতা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি, কিডনি জটিলতায় কিডনি ও মূত্রথলির আলট্রাসনোগ্রাম এবং সিরাম ইউরিয়া, আর লিভারের সমস্যার সন্দেহে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, প্রোথ্রম্বিন টাইম ও পুরো পেটের আলট্রাসনোগ্রামসহ আনুষঙ্গিক পরীক্ষা করানোর নির্দেশ রয়েছে। দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তে কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যানও করাতে হতে পারে।
হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁদের জন্য কাজটা তাই আগেভাগে শুরু করাই ভালো, কারণ রিপোর্ট ছাড়া টিকা মিলবে না।

