সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩, ১২ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

দোহায় রোববার এশিয়া কাপ রাইজিং স্টারসে ভারত ‘এ’ দলকে ৪৮ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’। তবে মাঠের ফল ছাড়িয়ে আলোচনায় উঠে এসেছে টসের বিভ্রান্তি, হাত না মেলানো আর দুই দলের খেলোয়াড়দের উত্তপ্ত বাক্যবিনিময়।

ম্যাচের শুরুটাই ছিল নাটকীয়। কয়েন মাটিতে পড়ার পর ম্যাচ রেফারি ঘোষণা দেন ‘টেইল’। কিন্তু পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক আবদুল সামাদ তা মানতে রাজি হননি; তাঁর দাবি ছিল কয়েনের ওপরের দিকটা ‘হেড’। দুই অধিনায়ক ঝুঁকে কয়েনটি দেখেন এবং সামাদের কথাই সঠিক প্রমাণিত হয়। টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। টসের পরও দুই অধিনায়ক হাত মেলাননি, ম্যাচ শেষেও একই দৃশ্য দেখা গেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে শুরু হওয়া এই ‘নো হ্যান্ডশেক’ রীতি এখন নারী ক্রিকেট, বয়সভিত্তিক ক্রিকেট এবং ‘এ’ দলের ম্যাচেও ছড়িয়ে পড়েছে।

ব্যাটিংয়ে নেমে পাকিস্তান প্রথম পাঁচ ওভারেই তোলে ৫৮ রান, উদ্বোধনী জুটিতে আসে ৬৬। ভারত স্পিন আক্রমণে এলে রানের গতি কমে এবং ৪৯.২ ওভারে ৩১৩ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথম ওভারে শামিল হুসাইনের চার ও ছক্কা খাওয়া ভারতীয় পেসার হর্ষিত রানা পরে কথার লড়াইয়ে জড়ান। শামিলের ক্যাচ নেওয়ার পর তাঁকে মাঠ ছাড়ার ইশারা করেন তিনি, মাজ সাদাকাতের সঙ্গেও হয় কথা-কাটাকাটি। রানা ১০ ওভারে ৭৭ রান দিয়ে পান ২ উইকেট। উত্তেজনার একপর্যায়ে পাকিস্তানের সুফিয়ান মুকিম এগিয়ে গিয়ে হুমকির ভঙ্গিতে কিছু বলেন; আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

জবাবে ৩১৪ রানের লক্ষ্যে ওপেন করতে নামেন বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা। চতুর্থ ওভারেই ইমরান রানধাওয়ার বলে আউট হন সূর্যবংশী। শেষ পর্যন্ত লড়াই করেন তিলক বর্মা; ১৪৯ বলে ১০০ রান করে তিনিই ভারতের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। ৪৮ রানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। ভারতের আশা অবশ্য শেষ হয়নি; আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ জিতলেই সেমিফাইনালে উঠবে তিলকের দল।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version