ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
নিম্নতম মজুরি বোর্ডের সভা চলাকালেই রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টার কিছু আগে শুরু হওয়া সভায় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বিক্ষোভের একপর্যায়ে কয়েকজন শ্রমিক ভবনের ভেতরে ঢুকে ১৩ তলায় মজুরি বোর্ডের চেয়ারম্যানের সভাকক্ষের সামনে স্লোগান দেন। ভবনের নিচেও সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ একাধিক শ্রমিক সংগঠনের ব্যানারে বিক্ষোভ চলে। পরে বেলা ৩টার দিকে সভা থেকে বেরিয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী ফেডারেশনের স্মারকলিপি গ্রহণ করেন।
চেয়ারম্যানের সভাপতিত্বে বৈঠকে আছেন বোর্ডের সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, আসিফ আইয়ুব ও আনোয়ার হোসাইন। পোশাক মালিকদের প্রতিনিধি হিসেবে আছেন এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিক প্রতিনিধি হিসেবে বাবুল আখতার।
বেতন বাড়ানোর দাবিতে তৈরি পোশাক খাতে অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন করা হয়। প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। ৯ নভেম্বরের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়।
সেই অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল বিজিএমইএ। কিন্তু ওই সভা স্থগিত হওয়ায় শিল্পাঞ্চল আবার অশান্ত হয়ে ওঠে। স্থগিত হওয়া সেই সভাই সোমবার অনুষ্ঠিত হচ্ছে।

