বিভিন্ন মহলে সমালোচনার মুখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্ব থেকে পুলিশ কর্মকর্তা মাসুদ রানাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন-অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী এডিসি ফয়েজ ইসলাম।
সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার পর বদলি
ডিএমপি সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যমে মাসুদ রানাকে নিয়ে একাধিক পোস্ট প্রকাশ করেন। এর মধ্যে একটি ভাইরাল ভিডিওতে মাসুদ রানাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার মা’ বলে উল্লেখ করতে শোনা যায়।
এছাড়া আরেকটি পোস্টে অভিযোগ করা হয়, অতীতে শেখ হাসিনাকে প্রকাশ্যে ‘মা’ সম্বোধন করা, তার জন্য নোবেল পুরস্কারের প্রত্যাশা প্রকাশ এবং আওয়ামী লীগ–ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগে আলোচিত এই পুলিশ কর্মকর্তাকে পরবর্তীতে ডিএমপি কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্বে দেখা যায়।
এসব বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেওয়ার পরই তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে অন্য বিভাগে বদলি করা হয়েছে।



